নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ পশ্চিমপাড়া সানমুন মার্কেট এলাকায় বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে মোবাইল ও টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রানা। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের পাশাপাশি এই রানার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের মতো অবৈধ কর্মকাণ্ড চালানোরও বিস্তার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রানা দীর্ঘ দিন ধরে স্থায়ীভাবে কোনো নির্দিষ্ট ঠিকানায় না থেকে মাসে এক বাসা থেকে অন্য বাসায় বাসা পরিবর্তন করে নিজের অবস্থান গোপন রাখেন। মূলত এই কৌশলের আড়ালেই তিনি এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। ঘন ঘন বাসা বদল করার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয়দের নজরদারি থেকেও তিনি সহজে বেঁচে যান বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, রানার এই বেপরোয়া আচরণ ও মাদক সিন্ডিকেটের কারণে আমবাগ সানমুন মার্কেট ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যা নামলে বা অলিগলিতে চলাচল করার সময় সাধারণ পথচারীরা ছিনতাই আতঙ্কে থাকেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তার পরিচালিত মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সানমুন মার্কেট ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।